শনিবার, ১৩ জুন ২০২৬

চুয়েটে দ্বিতীয় দফায় ভর্তি ১০ মার্চ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত মেধাক্রমের শিক্ষার্থীদের সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা ১০ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ দফায় প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রম ১ হাজার ২৫১ থেকে ২ হাজার ৫০০ পর্যন্ত প্রার্থীদের ডাকা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় মেধাক্রম ১১ থেকে ২০ এবং রাখাইন সম্প্রদায়ের মেধাক্রম শূন্য ২-এ থাকা প্রার্থীরাও এ তালিকায় রয়েছেন। স্থাপত্য বিভাগে মেধাক্রম ৭৬ থেকে ১২৫ পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভর্তি সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকানায় লগইন করতে হবে। আগে পূরণ করা অনলাইন চয়েস ফরম ও ড্যাশবোর্ডে উল্লেখিত অন্যান্য ফরম ডাউনলোড করে পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। কেউ আগে চয়েস ফরম পূরণ না করে থাকলে ভর্তির দিন তা পূরণের সুযোগ থাকবে। সনদ যাচাই শেষে নিরীক্ষা বোর্ডের মাধ্যমে কাগজপত্র জমা নেওয়া হবে এবং পরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

১১ মার্চ সকালে প্রাপ্ত বিভাগ দেখে নির্ধারিত ভর্তি ফি ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বেলা ৩টার মধ্যে জমা দিতে হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে একই দিনও ফি পরিশোধ করা যাবে।

ভিডিও