চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৭টি এক্সকাভেটর (খননযন্ত্র) বিকল করা হয়েছে। পাশাপাশি একটি মালবাহী পিকআপ ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার নয়াখাল ও কেরানীহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র গভীর রাতে কৃষিজমি ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একাধিক ভারী যন্ত্রপাতি অচল করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার কারণে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।