১৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি রাত ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।
তথ্যটি নিশ্চিত করে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তি ছিল ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিমে।’
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।