রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আগে যখন আপনাদের কাছে আসতাম, তখন শুধু অনুরোধ করতে পারতাম; এখন আর অনুরোধ নয়— চাঁদাবাজদের ধরার জন্য সরাসরি নির্দেশ থাকবে। কেউ যদি মনে করেন হাতে সময় কম, যা করার এখনই করে ফেলতে হবে— তবে ক্ষমা করবেন, আমি অত কাঁচা খেলোয়াড় নই।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাণীরহাট স্কুল মাঠে আয়োজিত গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী এমপি বলেন, ‘যারা এতদিন আপনাদের কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিচার করা হবে। মিথ্যা মামলার ব্যবসা আর চলতে দেওয়া হবে না। কারা জড়িত, তারা আমাদের চিহ্নিত। এখন সময় এসেছে তাদের কাঠগড়ায় দাঁড় করানোর।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য বলেন, ‘আমার আব্বা বলতেন ‘সিরাতুল মুস্তাকিম’- সঠিক পথে চলা। ইনশাআল্লাহ, আমি সেই পথেই চলব। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। প্রশাসন হাতে চুড়ি পরে বসে নেই।’
রমজানের পর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নতুন রাঙ্গুনিয়ার স্বপ্ন আমি একা দেখিনি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই দেখেছি। এখানে আইনের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না।’
সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইসলামপুরের প্রবাসী ইকবাল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচারের রাঙ্গুনিয়া চাই। যারা নির্দোষ, তারা দ্রুত ফিরে আসবেন। তবে প্রকৃত দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
উন্নয়ন প্রসঙ্গে হুমাম বলেন, ‘রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে আমরা কাজ করে দেখাবো। আপনারা পাশে থাকুন, সাহস দিন।’
রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন ইসলামপুর মাদ্রাসা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম.এন নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী ও উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী।