চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে তিনজন আটক হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো— মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। তারা সবাই বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী চালক মো. ইলিয়াছ (৩০) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, বটতলী এলাকা থেকে যাত্রীবেশে ওঠা তিন ব্যক্তি গোদারপাড় এলাকায় পৌঁছালে চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহত ইলিয়াছ চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে।
পরে একটি সিএনজি অটোরিকশা নিয়ে প্রায় সাত কিলোমিটার ধাওয়া করে জুঁইদন্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে তিনজনকে আটক করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। একজন পালিয়ে গেলেও তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’