চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা বন্ধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে জোরদার কার্যক্রম চালানোরও অঙ্গীকার করেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত এ সংসদ সদস্যের সঙ্গে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাঙ্গুনিয়ার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়াকে একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদী ব্যবস্থার জন্য হুমকি। এটি বন্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।’
বৈঠকে চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
নবনির্বাচিত সংসদ সদস্য জানান, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই রাঙ্গুনিয়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।