বুধবার, ১৭ জুন ২০২৬

শাহ আমানতে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। উদ্ধারকৃত চালানের মধ্যে রয়েছে ৯১০ কার্টুন সিগারেট এবং ৪২৮টি নিষিদ্ধ বিউটি ক্রিম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আবুধাবি থেকে তারা চট্টগ্রামে পৌঁছান। এরপর কাস্টমস হলে সন্দেহজনক ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব পণ্য আটক করা হয়।

আটক তিন যাত্রী হলেন ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ এবং চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জব্দ করা সিগারেট থেকে প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিনি আরও জানান, আটক সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে এবং তা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে। অপরদিকে, আটক যাত্রীদের বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

ভিডিও