শনিবার, ১৩ জুন ২০২৬

রাউজানে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯

চট্টগ্রামের রাউজানে মুখোশ পরিহিত এক দল দুর্বৃত্তের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শ্রমিক দলের নেতার নাম মেহেদী হাসান (৩২)। তিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে দলটির সূত্রে জানা গেছে। তার বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান। সে সময় মুখোশ পরে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম বলেন, ঘটনার পর মেহেদীকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হত্যা করতে ছয়টি গুলি করেছে সন্ত্রাসীরা। একটি গুলি তার বুকের ডান পাশে এবং একটি গুলি পায়ে লেগেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মেহেদী হাসান নামে এক শ্রমিক নেতাকে কে বা কারা গুলি করেছে। কারা কেন তাকে গুলি করেছে তা তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও