নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির তথ্য সরাসরি জানা যাবে। উদ্বোধনের দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার (অনুসারী) যুক্ত হয়েছেন পেজটিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এ পেজের ফলোয়ারের। বিকাল ৫টা ২০ মিনিট পর্যন্ত পেজটির ফলোয়ার সংখ্যা ৪ লাখ ১৭ হাজারের বেশি।
পেজটির ভিজ্যুয়াল ডিজাইনেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। প্রোফাইল ফটোতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। কভার ফটোতে জাতীয় পতাকা, সরকারি লোগো ও জনসমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতির দৃশ্য স্থান পেয়েছে। এটি সরকারের জনসম্পৃক্ততা ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।