রবিবার, ৮ মার্চ ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতার আশ্বাস দিলেন এরদোয়ান পুত্র বিলাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫

রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আর্ন্তজাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।

তিনি বলেন, গত ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে আছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান এ তথ্য জানান।

বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে পৌঁছায় তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। তার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দলে তার সফরসঙ্গী রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

এ সময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ এন এম. সাজেদুর রহমান।

এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেন।

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ অ্যাডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।

ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

ভিডিও