রবিবার, ৮ মার্চ ২০২৬

সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মী এবং তাঁদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

গতকাল রোববার সন্ধ্যায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভোটে অনিয়মের অভিযোগ তুলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণও দাবি করেন নাজমুল মোস্তফা।

এতে নাজমুল মোস্তফা আমিন বলেন, নির্বাচনের পর সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির সাধারণ কর্মী ও সমর্থকদের বাড়িতে ২০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব হামলায় বিএনপির অন্তত ২৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

জামায়াতে ইসলামীর লোকজন এই হামলার সঙ্গে জড়িত বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নাজমুল মোস্তফা আমিন।

তিনি আরও অভিযোগ করেন, লোহাগাড়ার ইউএনও একজন সরকারি কর্মকর্তা হয়েও একজন দলীয় কর্মীর মতো কাজ করেছেন। ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ছিলেন জামায়াতের কর্মী বিভিন্ন মাদ্রাসার শিক্ষক। তাঁরা জামায়াত প্রার্থীর বিজয়ে সহযোগিতা করেছেন। আমরা ইউএনওর অপসারণ চাই।’
তিনি এ হামলার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে বিএনপির প্রার্থীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পুরো চট্টগ্রামের মধ্যে লোহাগাড়ায় ভোট গ্রহণের হার তুলনামূলক বেশি। তারপরও এমন নির্বাচন নিয়ে অভিযোগ করলে আমাদের বলার কিছুই নেই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ,আবু সেলিম চৌধুরী, এটি এম জাহেদ চৌধুরী , বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ।

ভিডিও