কক্সবাজারের উখিয়ায় অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের চেষ্টা প্রশাসনের হস্তক্ষেপে থামানো হয়েছে। এ ঘটনায় কন্যার পিতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হওয়ার ব্যাপারে মুচলেকা নেয়া হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ বিয়ে রোধ করে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পারিবারিক ভাবে ১৮ বছর পূর্ণ না হওয়া এক কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কন্যার পিতা আব্দুল খালেককে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে না দেওয়ার বিষয়ে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। পাত্রপক্ষকেও সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক বিকাশের পথে বড় বাধা। এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’