চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় সড়কের পাশ থেকে এক রোহিঙ্গা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার পরে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
নিহতের নাম খাইরুল বাশার (৪৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-৪৭ এর কাদির হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে মো. খাইরুল বাশারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে রাঙ্গুনিয়া মডেল থানাকে খবর দেন।
স্থানীয়দের মতে , খাইরুল বাশার সহ ৬–৭ জন রোহিঙ্গা শ্রমিক ৩–৪ মাস আগে চন্দ্রঘোনা কদমতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজের উদ্দেশ্যে এসেছিলেন। তারা হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকলেও সেখানে টয়লেট সুবিধা না থাকার কারণে রাস্তার অপর পাশে খোলা বিল ব্যবহার করতেন।
সকালে টয়লেটের জন্য রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় খাইরুল বাশারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।