বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার দৃঢ় প্রতিজ্ঞা

নিরপেক্ষ ভোটে বিশ্বকে বার্তা দিতে চায় চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক জানান, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, কর্ণফুলী ও পটিয়াসহ বিভিন্ন উপজেলার একাধিক কেন্দ্র ঘুরে দেখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে অভিভূত করেছে বলে উল্লেখ করেন তিনি। অনেক ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘যাঁদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি— বাংলাদেশের পক্ষেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’

জেলা প্রশাসক জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের আয়োজন সার্থকতা পেয়েছে। এখনও কয়েক ঘণ্টা বাকি আছে। আমরা চাই নির্বাচন শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক। আমরা বাংলাদেশকে জিততে দেখতে চাই, জিততে দেখতে চাই এ দেশের মানুষের স্বপ্নকে।’

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল বিভাগ একযোগে কাজ করেছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি— এমন মন্তব্যও করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিডিও