রবিবার, ৮ মার্চ ২০২৬

কেন্দ্রে নেই এনসিপি’র এজেন্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪

প্রার্থী আছে, ভোটারও আছে। ব্যালটে প্রতীকও আছে। কিন্তু ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে কোনো এজেন্টের উপস্থিতি নেই। চট্টগ্রাম-৮ আসনটির অন্তত ১০টি কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এজেন্ট উপস্থিত ছিল না বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এনসিপি’র প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফের এজেন্ট কেন্দ্রে আসেননি বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত একাধিক প্রিজাইডিং অফিসার। নির্বাচনে অংশ নেয়া ছয়টি দলের পাঁচ প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তারা।

জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রের ১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে অন্য প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে আসলেও শাপলা কলি প্রতীকের কোনো এজেন্টই আসেননি। কেন্দ্রের সবগুলো কেন্দ্র ও আশপাশে খোঁজ নিয়েও কোনো এজেন্ট পাইনি আমরা।

কোনো এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, কেন্দ্রে এলেই তো বের করে দেওয়ার প্রশ্ন আসবে! এনসিপির কোনো এজেন্ট তো কেন্দ্রেই আসেননি।

চট্টগ্রাম নগরীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অরবিন্দু সাহা বলেন, কেন্দ্রের কোনো বুথেই এনসিপির এজেন্ট নেই। সকাল থেকেই এই দলটির কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি। আমরা মনে করেছিলাম, হয়তো একটু দেরি হলেও তারা কেন্দ্রে আসবেন। কিন্তু এখন পর্যন্ত এদের কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি।

ভিডিও