রবিবার, ৮ মার্চ ২০২৬

হাতিয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

জানা গেছে, চরঈম্বর ইউনিয়নের বাংলাবাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে থাকা সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিরাজের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। এ সময় মিরাজের সঙ্গে থাকা সাকিব নামের এক মোটরসাইকেল চালককেও মারধর করে আহত করা হয়।

আহত মিরাজ জানায়, গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গেলে, সেখানে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও আহত হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওচখালী বাজার এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের এবং তার ছেলে মো. ফয়সাল হামলার শিকার হন। আব্দুল কাদের অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের নেতাকর্মী।

এছাড়াও বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি নিজেও নির্বাচনী দায়িত্বে ব্যস্ত রয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ভিডিও