শুক্রবার, ৬ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, যুবককে পুকুরে নামিয়ে ‘ঠান্ডা থেরাপি’ দিল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে শীতের সকালে পুকুরের হিমশীতল জলে নামিয়ে দিয়ে ঠান্ডা থেরাপি দিল সেনাবাহিনী। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে পটিয়ার ৬নং ওয়ার্ড পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে। যুবককে পুকুরে নামিয়ে ঠান্ডা থেরাপি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুকুরের অপর পাড় থেকে ধারণ করা ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবককে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা পুকুরে নামিয়ে শাস্তি দিচ্ছেন। এসময় ভিডিও ধারণকারীরা তাকে নিয়ে হাসাহাসি করছেন। ওই যুবককে উদ্দেশ্য করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাদের কেউ বলছেন, পইরত লামাই ছাইড়গে। পইরত লাম (পুকুরে নাম)। আরেকজন বলছেন, ইতি কি ইরেদ্দে (কি করছে সে)? ঘুম যা ঘুম যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রের ভেতরে ও আশপাশে ওই ব্যক্তি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিষয়টি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে কেন্দ্র এলাকায় শৃঙ্খলা ভঙ্গ ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টার দায়ে তাকে কেন্দ্র সংলগ্ন একটি পুকুরে নামিয়ে শাস্তি দেওয়া হয়।

এ সময় সেনাসদস্যরা কেন্দ্র এলাকায় উপস্থিত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা প্রভাব বিস্তারের চেষ্টা না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

পটিয়া সেনা ক্যাম্পের পৌরসভা এলাকার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

ভিডিও