শুক্রবার, ৬ মার্চ ২০২৬

নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র

চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মনু মিয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০

চট্টগ্রামে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনু মিয়া। তিনি চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরেই ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘তিনি সকালেই ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান।’ পরিবারের সদস্যদের ধারণা, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এ কারণে শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ও নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও