রবিবার, ৮ মার্চ ২০২৬

এস আলমের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ শাহজাহান চৌধুরীর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদের বিরুদ্ধে অর্থ বিতরণের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিয়েছি। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচন যদি সেই মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তবে জনগণের রায় যাই হোক, আমরা তা মেনে নেব।’

তবে ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদ আমাকে নির্বাচনে বাধাগ্রস্ত করতে সর্বশক্তি প্রয়োগ করছেন। আমার কেন্দ্র এলাকায় মাসুদের পক্ষে একজন ব্যক্তি অর্থ বিতরণ করেছেন, যদিও মাসুদ ওই এলাকার ভোটার নন।’

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে সকাল থেকেই ছমদর পাড়া কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসনে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভিডিও