ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ১০টা ২৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন বলে জানিয়েছে তার দপ্তর।
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন গণভোটে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া বাণীতে সংসদ নির্বাচন ও গণভোটকে শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’, এ কথা ফের বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।