ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ভোটগ্রহণ শুরুর পরপরই কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট দেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও কেন্দ্রে উপস্থিত থেকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন— সেই প্রত্যাশা ও স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
তবে সম্ভাব্য শঙ্কার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি আশঙ্কা একদম উঠিয়ে দিচ্ছি না। কয়েকটি জায়গা রিমোট এরিয়া হলেও এখন আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটসহ সকলে সমন্বয়ে কাজ করছে। দেখা যাক।’