‘দীর্ঘ সাড়ে ১৬ থেকে ১৭ বছর পর আজ ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এত বছর ভোট দিতে না পারায় প্রায় ভুলেই গিয়েছিলাম কীভাবে ভোট দিতে হয়। কেন্দ্রে এসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সেটাও বলেছি। তবে ধৈর্য ও শান্তভাবে ভোট দিতে পেরেছি।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বসিত কন্ঠে এভাবেই নিজের অনূভূতি ব্যক্ত করেন এক ভোটার।
আরেক ভোটার বলেন, ফজরের নামাজ পড়ে এবং নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, যেন সবাই সুস্থ ও সুন্দরভাবে ভোট দিতে পারে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে। আমরা সবাই যেন একসঙ্গে, সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারি—এটাই কামনা।
এদিকে জীবনের প্রথম ভোট দিতে সকালে কেন্দ্র খোলার আগেই লাইনে দাঁড়িয়েছিলেন আরিফুল ইসলাম নামে এক ভোটার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এই শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিতে পেরে তিনি গর্বিত ও উচ্ছ্বসিত।
প্রসঙ্গত, সারাদেশের মতো বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রামের এবার ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরী ও ১৫টি উপজেলা মিলিয়ে ১২ হাজার ১টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন।