রবিবার, ৮ মার্চ ২০২৬

ষোল সতের বছর পর ভোট দিছি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬

ষোল সতের বছর পর আজ ভোট দিছি। এতবছর আর ভোট দিতে পারি নাই। না দিতে না দিতে ভুলে গেছি কিভাবে ভোট দেব ? ওখানে (ভোটকক্ষ) গিয়ে আশ্চর্য্য হয়ে গেছি। প্রিজাইডিং অফিসারসহ অনেককে জিজ্ঞাসা করে করে তারপর ভোট দিছি। ইনশাল্লাহ ভোট দিছি। সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। পরিস্থিতি মোটামুটি ভাল। আল্লাহর কাছে প্রার্থনা করছি খুব ভালোভাবে ভোট হচ্ছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে এমনভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মো. ইয়াসিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরের কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিটি কেন্দ্রেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে নারী–পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। কেউ কেউ ফজরের নামাজের পরপরই কেন্দ্রে এসে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের দৈর্ঘ্যও বাড়তে থাকে।

ভোটকেন্দ্রে নারী ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কেন্দ্রে ঢোকার।

কেন্দ্রের প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোটারদের সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার ৭০ জন। জেলায় ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

ভিডিও