বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

চট্টগ্রামের প্রার্থীরা ভোট দেবেন যেসব কেন্দ্রে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তারা কে কোথায় ভোট দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোট দেবেন উত্তর কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রটি চট্টগ্রাম-৪ আসনের আওতাধীন। একই আসনের জামায়াতের প্রার্থী শফিউল আলম ভোট দেবেন দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে।

চট্টগ্রাম-৯ আসনের (কোতোয়ালী-বাকলিয়া) বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসনের ভোটার হওয়ায় তিনি ভোট দেবেন চান্দগাঁও আবাসিকের সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। তার আসনের প্রতিন্দ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক ভোট দেবেন জামালখানের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

এদিকে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মো. আসলাম চৌধুরী ভোট দেবেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের র প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল পৈতৃক বাড়ি সংলগ্ন মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পুরাতন চান্দগাঁও থানার শরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কেন্দ্রে ভোট দিতে যাবেন।

ভিডিও