,

 

২৫ জানুয়ারির মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: ডা. শাহাদাত হোসেন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 23 January 2026, 08:33

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘ ২১ বছর পর আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ঐদিনের মহাসমাবেশ শুধু বিএনপির কর্মসূচি নয়, বরং বৃহত্তর চট্টগ্রামবাসীর এক বিশাল সমাবেশে পরিণত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় চকবাজারের ধনিয়ারপুল সংলগ্ন ফালাহ গাজী মসজিদ প্রাঙ্গণে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীসভাটি তারেক রহমানের চট্টগ্রাম শুভ আগমন ও ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন, তা তিনি ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের দিনই প্রমাণ করেছেন। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকেই ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই চট্টগ্রাম থেকেই ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। লালদিঘীর ময়দান থেকে তার উচ্চারিত ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করেছিল। ২০১২ সালে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাসমাবেশ আজও চট্টগ্রামবাসীর স্মৃতিতে অম্লান। তাই জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ মুখিয়ে আছে।

কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত। প্রিয় নেতা এসে দিকনির্দেশনা দেবেন—এ বিশ্বাস থেকেই সবাই ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশ সফল করতে প্রস্তুত।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. ইমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন।

এছাড়াও বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা আবু তৈয়ব, ইব্রাহিম বাচ্চু, ফরিদুল হক লিটন, মো. শাহাজাহান, আমিন মাহমুদ, অধ্যাপক খোরশেদ আলম, হাজী মহিউদ্দিন, মো. আজগর, মো. আলমগীর, এম. এ হামিদ, নকীব উদ্দিন ভূইয়া, এমদাদুল হক বাদশা, মো. সেকান্দর, আরিফুল হক ডিউক, আব্দুর রহিম, মো. আবু, ইসমাঈল বাবুল, খালেদ সাইফুল্লাহ, নাছিম উদ্দিন চৌধুরী নাছিম, মো. সেলিম, মো. সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভিডিও