হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার ( ১১জুন) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত হালদা নদীতে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে হালদা নদীর রামদাস মুন্সীরহাট এলাকা থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩টি অবৈধ চরগেরাও জাল ও ১টি ভাসা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা অস্থায়ী ক্যাম্পের এএসআই রমজান আলী ও তার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার আলামগীর অভিযানে সহযোগিতা করেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা সম্ভব হবে। হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
পূর্বতারা/ইউডি/ এমডি এ এইচ