ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মোমিন রোড ও চেরাগী পাহাড় প্রদক্ষিণ শেষে জামাল খান প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে না পারা সরকারের ব্যর্থতা।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব।
বক্তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। এসময় আরও বক্তব্য রাখেন তৌফিক ইমরোজ, এস এম শহিদ, আল মামুন প্রমুখ।