মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।