চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সাতকানিয়াকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তর করতে চাই। নলুয়ার প্রতিটি জনপদে আমি আগেও উন্নয়ন করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাতকানিয়া উপজেলার ০৩ নং নলুয়া ইউনিয়নের মক্তারকোম, নজুমিয়ার পাড়া, পূর্ব নলুয়া, রুস্তম পাড়া, পশ্চিম নলুয়া আদর্শ পাড়া, ঘোনা পাড়া, হাজির পাড়া, তালতলাসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা, মহিলা সমাবেশ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির সংস্কারের কাজ অতীতের মতো ভবিষ্যতেও করবো। অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না— অপরাধ প্রমাণিত হলে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।’
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করতেই দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা ০৮ দলের বিজয়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।’
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য ও ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক মুহাম্মদ রফিক উদ্দীন, পতেঙ্গা থানা জামায়াতের শূরা সদস্য মাওলানা রুহুল আমীন, উপজেলা নেতা মাওলানা আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, নলুয়া ইউনিয়ন জামায়াত সভাপতি কামাল হোসাইন, সাবেক সভাপতি আবুল হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুল কবির, আমিলাইষ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, জামায়াত নেতা রহমত উল্লাহ, ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর, সহ-সেক্রেটারি জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ছাদেক হোছাইন, মুহাম্মদ ইউছুপ, নুরুল কবির, মুহাম্মদ জমির উদ্দিন, হারুনুর রশীদ, মোহাম্মদ তোফায়েল, মাহবুবুর রহমান এবং হাফেজ বোরহান উদ্দিন প্রমুখ।