রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে ধানের শীষের প্রচারণা

কালুরঘাট সেতু দৃশ্যমান করার অঙ্গীকার এরশাদ উল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪

‘আমি আপনাদের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এ নতুন জীবন জনগণের সেবায় উৎসর্গ করলাম। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে প্রথম পদক্ষেপ হিসেবে কালুরঘাট সেতু দৃশ্যমান করব।’

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বোয়ালখালী উপজেলার কধুরখীল চৌধুরী হাটে অনুষ্ঠিত পথসভায় এসব বলেন চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

এসময় কধুরখীল চৌধুরী হাট, চরণদ্বীপ ভরাপুকুর পাড়, মসজিদ ঘাট, পোপাদিয়া বাইগ্যার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাটে আয়োজিত পথসভায় স্থানীয়রা তাকে স্বাগত জানায়।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, আবু আকতারসহ নেতাকর্মীরা।

এর আগে গত ৫ নভেম্বর নগরীতে জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরশাদ উল্লাহ। দীর্ঘ এক মাস পর তিনি নির্বাচনী মাঠে ফিরলে নেতাকর্মীরা তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভিডিও