চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ৮ জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁদের বাড়ি সীতাকুণ্ডে। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের হাবিবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আবদুল আলিম রানা। অপর এক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। পরে সেখান থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। আরও তিনজন মারা গেছেন বলে জানতে পেরেছি।
চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস লিকেজে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।