,

 

কারাগারে নুর চৌধুরী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 12 August 2026, 10:47

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে গেলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।

প্রায় দেড় বছর আগে তিনি চাকরি থেকে অবসরে যান। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রনি বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা মৌজায় ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি নুর চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অন্য আসামিদের মধ্যে জেলা প্রশাসনের এলএ শাখার আরও চারজন সার্ভেয়ার, দুজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও একজন কানুনগো রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে নুর চৌধুরীর বিরুদ্ধে বছরের পর বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তিনি আদালত ও পুলিশের কাছে এতদিন পলাতক ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও