শিক্ষার্থীদের জন্য বিআরটিসির ১০টি ডাবল ডেকার বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। কর্মসূচির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুত বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, শিক্ষার্থীদের বাস চাই’, ‘এই মুহূর্তে দরকার, পরিবহন সংস্কার’ এবং ‘চাই নিরাপদ পরিবহন, নইলে চলবে এ আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে চাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের জন্য ১০টি ডাবল ডেকার বাস চালুর দাবি জানান। এ সময় উপাচার্য দাবি বাস্তবায়নে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, চবি শিক্ষার্থীদের পরিবহনের প্রধান মাধ্যম শাটল ট্রেন। তবে এটি নানা সমস্যায় জর্জরিত এবং শিক্ষার্থীর তুলনায় অপর্যাপ্ত। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে বাস চালুর দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, অফিসিয়াল আলোচনায় সমাধান না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর বিআরটিসির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চান তারা। তবে কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চাকসু আমাদের কাছে দাবি জানিয়েছে। আমরা খুব শিগগিরই বিআরটিসির সঙ্গে বসব।