চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার শিকলবাহা এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাহ আলম তাকে ডেকে ওই পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য শিশুটিকে ১০ টাকা দেন। পরে প্রলোভন দেখিয়ে শিশুটিকে স্পর্শ ও জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাদ্দামসহ আশপাশের লোকজন এগিয়ে এসে শাহ আলমকে আটক করেন। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির বাবা মো. রুবেল বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।