,

 

রেডিসন ব্লু-তে বিএনপির সাংগঠনিক সভা

কার্ড নিয়ে সভায় ঢুকে খেতে হল লালকার্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 August 2026, 05:39

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউ-তে গতকাল বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ত্যাগী, নিবেদিত অনেক নেতাকর্মী প্রবেশের কার্ড না পেলেও বিকল্প উপায়ে কার্ড সংগ্রহ করে কেউ কেউ ঠিকই অংশ নিয়েছেন। এ নিয়ে নানা সমালোচনায় মুখর চট্টগ্রাম।

তবে বিকল্প উপায়ে কার্ড নিয়ে সভায় প্রবেশকারীদের চিহ্নিত করে দলীয় সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।

দলীয় নির্দেশ অমান্য করে সাংগঠনিক সভায় অংশগ্রহণের অভিযোগে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের শীর্ষ নেতাসহ চারজনের সাংগঠনিক পদ স্থগিত করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

রবিবার (৯ আগস্ট) রাতে মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের যৌথ অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর কমিটির সদস্য আল মামুন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে। পদ স্থগিত হওয়া চার নেতা হলেন— মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে চট্টগ্রাম নগরের হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নগরের সীমিত ও নির্দিষ্টসংখ্যক পদের নেতাদের উপস্থিতির জন্য কার্ড বরাদ্দ ছিল। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা বিকল্প উপায়ে কার্ড সংগ্রহ করে সভায় অংশ নেন। এই ঘটনাকে দলীয় নিয়ম ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে ব্যবস্থা নেয় নগর ছাত্রদল।

সাময়িক অব্যাহতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক বলেন, “আমি একজন জুলাইযোদ্ধা হিসেবে এবং কলেজ ছাত্রদলের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম। কোনো অন্যায় করিনি।”

অন্যদিকে, নগর ছাত্রদলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত সদস্য আল মামুন সাদ্দাম জানান, কেন্দ্রীয় ও নগর কমিটির নির্ধারিত তালিকার বাইরে গিয়ে ভিন্ন উপায়ে কার্ড সংগ্রহ করে অনুষ্ঠানে অংশ নেওয়া সংগঠনটির শৃঙ্খলাপরিপন্থী। সেজন্যই শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে তাঁদের পদ স্থগিতের এই নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও