,

 

ছিনতাইয়ের পর ‘ভিসা কার্ড’ ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা!

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 August 2026, 04:57

চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের পর ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র ও ভিসা কার্ড ব্যবহার করে তার ব্যাংক হিসাব থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেয় চক্রটি।

সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির। গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. আরমান (২৯), মো. ইরফান (২৪), মো. করিম পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)।

পুলিশ জানায়, রবিবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় শাহ আমানত সেতু এলাকা থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, দুটি ছোরা এবং ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে, গত শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে মো. রিদোয়ান (২৫) তার ছোট ভাই রিফাতুল ইসলামকে (২১) সঙ্গে নিয়ে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাকলিয়ার নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত সেতুর উত্তর পাশে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে রিদোয়ান ও তার ভাইয়ের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ ২ হাজার ১০০ টাকা, ব্যাংকের ভিসা কার্ড ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। বাধা দিলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে রিফাতুলের পা ও হাতে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, ছিনতাই করা জাতীয় পরিচয়পত্র ও ভিসা কার্ড ব্যবহার করে পরদিন শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রিদোয়ানের ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে কৌশলে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেয় চক্রটি।

ওসি মো. জাহেদুল কবির জানান, ইরফান ও করিম ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তারা ছিনতাই করা দুটি মোবাইল ফোন রাকিবের কাছে বিক্রি করার কথা জানালে পরে কোতোয়ালি থানার পুরোনো রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আরমানের বরাতে ওসি বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য ছিনতাই করা মোবাইলের সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিসা কার্ড গোলাম হোসেন তাকে দিয়েছিল। পরে পুলিশ সদরঘাট থানার মাদারবাড়ী রেলগেট এলাকা থেকে রাত ১টা ৪৫ মিনিটে গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন।

ভিডিও