চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এ হার গত পাঁচ বছরে বোর্ডে সর্বনিম্ন পাসের হার।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০২৩ সালে তা কমে ৭৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়ায়। ২০২৪ সালে কিছুটা বেড়ে ৮২ দশমিক ৮০ শতাংশ হলেও ২০২৫ সালে আবার কমে হয় ৭২ দশমিক ০৭ শতাংশ। আর ২০২৬ সালে বড় পতন ঘটে পাসের হার নেমে আসে ৫৯ দশমিক ৪৮ শতাংশে।
বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।
অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার নেমে এসেছে ৩৮ দশমিক ৭৯ শতাংশে, যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ১৬৪টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
বিভাগ অনুযায়ী বিজ্ঞানে ৩৫ হাজার ৯৮০ জন, মানবিকে ৪৩ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
পূর্বতারা/ইউডি