,

 

১৮ মাসেই এশিয়া বুক অব রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খেতাব পেল খাগড়াছড়ির শেহেজাদ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 8 August 2026, 12:30

যে বয়সে অধিকাংশ শিশু হাঁটতে শেখে ও কথা বলতে শুরু করে, সেই বয়সেই ইংরেজি ভাষায় দক্ষতা দেখিয়ে আলোচনায় এসেছে খাগড়াছড়ির শিশু শেহেজাদ। মাত্র ১৮ মাসেক তার এই ব্যতিক্রমী ভাষাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এশিয়া বুক অব রেকর্ডস তাকে ‘গ্র্যান্ড মাস্টার’ খেতাব দিয়েছে বলে জানিয়েছে পরিবার।

খাগড়াছড়ি জেলা সদরের মাইনী ভ্যালি এলাকায় বেড়ে ওঠা শেহেজাদ ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার পরিবেশে বড় হয়েছে। শিশুটির বাবা-মা জানান, ছয় মাস বয়স থেকেই তারা নিয়মিত তার সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করেন। প্রথম দিকে তেমন সাড়া না দিলেও ধীরে ধীরে ইংরেজি শব্দ ও বাক্য আয়ত্ত করতে শুরু করে শেহেজাদ।

পরিবারের দাবি, বর্তমানে শেহেজাদ ইংরেজিতে সাধারণ কথোপকথনের পাশাপাশি ছড়া আবৃত্তি, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং দৈনন্দিন ব্যবহৃত নানা বাক্য বলতে পারে। এমনকি ‘Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis’ শব্দটিও স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে সে।

শেহেজাদের বাবা মো. ইব্রাহিম খলিল জানান, শিশুটির বয়স ১৭ মাস হলে তার দক্ষতা মূল্যায়নের জন্য এশিয়া বুক অব রেকর্ডসে সাতটি ভিডিও পাঠানো হয়। ভিডিওগুলো পর্যালোচনার পর প্রতিষ্ঠানটি শেহেজাদকে ‘গ্র্যান্ড মাস্টার’ স্বীকৃতি দেয়।

তিনি বলেন, শুরু থেকেই আমরা সন্তানকে ইংরেজি ভাষার পরিবেশে বড় করার চেষ্টা করেছি। ভবিষ্যতে তাকে ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে চাই। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও খুঁজে দেখব।

শেহেজাদের মা তানিয়া আক্তার বলেন, ছোটবেলা থেকেই নিয়মিত অনুশীলন ও পারিবারিক উৎসাহের মাধ্যমে শিশুটির ভাষাগত দক্ষতা তৈরি হয়েছে। যথাযথ পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে সে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিডিও