,

 

হালকা বৃষ্টিতেও চট্টগ্রামের কিছু এলাকায় জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 6 August 2026, 05:00

রাত থেকে বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও গোড়ালি সমান, কোথাও আবার হাঁটুসমান পানিতে ডুবে গেছে সড়ক। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

জানা গেছে, বুধবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। বিশেষ করে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরজমিনে দেখা গেছে, নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ কমার্স কলেজ-সংলগ্ন সড়ক, আগ্রাবাদ, হালিশহর, চকবাজারসহ বিভিন্ন নিম্নাঞ্চলের সড়কে গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমে যায়। কোথাও কোথাও যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

আগ্রাবাদের উত্তরাংশে পরিস্থিতি সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি করেছে। দুই থেকে আড়াই ঘণ্টা ধরে ভারী বৃষ্টি না হলেও মহুরীপাড়া, ব্যাপারীপাড়া ও দাইয়াপাড়ার মতো নিচু এলাকাগুলোতে পানি ধীরে নামছে। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নালা-নর্দমা ময়লা-আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। তাদের দাবি, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হলে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কিছু পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৯০ মিলিমিটারের কাছাকাছি পৌঁছেছে। এই টানা বর্ষণের কারণেই নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে স্বস্তির কোনো ইঙ্গিত নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, অতি ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আগামী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য। এরপরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে এর তীব্রতা কিছুটা কমতে পারে।

ভিডিও