,

 

৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 6 August 2026, 03:30

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, অতি ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আগামী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য। এরপরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে এর তীব্রতা কিছুটা কমতে পারে।

নিয়মিত আবহাওয়া বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। একই সময়ে ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ভিডিও