চট্টগ্রামের পটিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেলভিত্তিক মাদক পাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে এক লাখ পিস ইয়াবার বড় চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিল চক্রটি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা পটিয়া বাইপাস সড়ক এড়িয়ে ভেতরের সড়ক ব্যবহার করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকবাংলো এলাকায় অবস্থান নিয়ে র্যাব সদস্যরা সন্দেহভাজন পাঁচটি মোটরসাইকেলের গতিরোধ করেন।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলগুলো থেকে আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার, পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।