,

 

টেকনাফে ৫ কোটি টাকার আইস জব্দ, পালাল মাদক কারবারিরা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 4 August 2026, 04:51

টেকনাফেরে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে টেকনাফের নাফ নদীর শাহপরী এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধ করতে সংকেত দেওয়া হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা আইস ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভিডিও