,

 

বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ : 31 July 2026, 11:19

বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগের পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমার বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন।

বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলার পর আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধ অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যান।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তাদের সন্ধানে অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও