,

 

ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা, প্রধান আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 30 July 2026, 07:16

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যার মামলায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও তাদের সপ্তম শ্রেণির ছাত্রী মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন। এ ঘটনায় নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ২২ জানুয়ারি ঈদগাঁও থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ভিডিও