চট্টগ্রামের আনোয়ারায় টানেল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়েছে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এতে যানবাহনগুলোর যাত্রী ও আশপাশে থাকা লোকজন চাপা পড়েন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর কাজ চলছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।