রাঙামাটির কাপ্তাইয়েয বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণের চাল বিক্রির সময় আবুল হাসেম মেম্বার নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আবুল হাসেম মেম্বার চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণের চাল তিনি বিতরণ না করে গোপনে রিফিউজি পাড়ার কয়েকটি দোকানে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে এবং তার গাড়ির চালক চয়ন বড়ুয়াকে (৪০) সঙ্গে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ সময় তার কাছ থেকে ত্রাণের দুই বস্তা চাল এবং একটি জিপগাড়ি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য আবুল হাসেম মেম্বারের কাছে দুই টন চাল দেওয়া হয়েছিল। তিনি সেই চাল ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন এবং বিক্রির চেষ্টা করেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তের দলের নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। ত্রাণের সব চাল বিতরণ করা হয়েছে। চালককে গাড়ি ভাড়া বাবদ দুই বস্তা চাল দেওয়া হয়েছিলো। বিষয়টি সমাধানের জন্য আমি থানায় যাচ্ছি।