সাতকানিয়ায় জায়গা-জমির পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ায় মুহাম্মদ ইউনুছ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার ছদাহা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে মৃত ব্যক্তির স্বজনেরা এটিকে হত্যা বলে দাবি করেছেন।
মুহাম্মদ ইউনুছ উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এজাহার মিয়ার দোকানের দক্ষিণ পাশে রবি চান পাড়ার ফজল করিম ও সাগেরা বেগমের পুত্র।
পুলিশ ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, সকালে এজাহার মিয়া ও নুর মুহাম্মদের জায়গার পরিমাপ চলছিল। সেখানে সীমানার খুঁটি স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউনুছকে চড় মারেন নুর মুহাম্মদ। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। এক পর্যায়ে ইউনুছ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রী হাজেরা বেগমকে সাথে নিয়ে ঘটনাস্থলে এলে নুর মুহাম্মদ গং এর সাথে আবার ঝগড়া বাধে। এক পর্যায়ে ইউনুছ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কেরানিহাট আশশেফা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানিহাট আশশেফা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রক্তিম গুহ কাব্য জানান, মুহাম্মদ ইউনুছকে বেলা ১১ টা ১৫ মিনিটের সময় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ টমটম চালাতেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি ২ মেয়ে ও ৩ ছেলের জনক। মেয়েদ্বয় বিবাহিতা। ২ ছেলে প্রবাসী।
ইউনুছের ছেলে জোবাইর (২২) বলেন, আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে। আগেও বহুবার আঘাত করেছে। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি চাই।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বতারা/ইউডি/বিএইচ