,

 

বান্দরবানে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : 29 July 2026, 10:06

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। বিশেষ করে রুমা উপজেলার গ্যালেংগা ও পাইন্দু ইউনিয়নের ম্রো ও খুমী অধ্যুষিত এলাকায় শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে র‌্যাশসহ হামের উপসর্গে আক্রান্ত হচ্ছেন।

বুধবার (২৯ জুলাই) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন।

হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে হাসপাতালের ফ্লোর ও করিডোরে রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বান্দরবান স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ডা. সানাইপ্রু ত্রিপুরা জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী ও জনবল নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গম এলাকায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং হাম-রুবেলা টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪১০ জন হামে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২০ জন সন্দেহভাজন রোগী পর্যবেক্ষণে রয়েছেন এবং ৩৮ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

তবে স্থানীয় ও বেসরকারি সূত্রের দাবি, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত আলীকদম ও রুমা উপজেলায় হামের উপসর্গে অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই রুমা উপজেলায় সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রকৃত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

ভিডিও