চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় সহযোগীদের নিয়ে যশোর গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে আগে থেকে পুলিশের কাছে খবর থাকায় পালাতে পারেনি চট্টগ্রামের অপরাধ জগতের সাথে জড়িয়ে থাকা এই যুবক। বুধবার রাত সাড়ে ৩টার দিকে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চেকপোস্টে ব্যারিকেড দিয়ে একটি কালো প্রাইভেটকার থামানো হয়। ওই গাড়িটিতে ইমন ছিলেন বলে আগেই খবর পাওয়া গিয়েছিল। গাড়িটি থামানোর পর তাদের নামানো হয়। প্রথমে তারা জানান যে তারা বেনাপোলে ঘুরতে যাচ্ছেন। যেহেতু আমাদের কাছে খবর ছিল, তাই আমরা আরও ভালোভাবে তাদের জিজ্ঞাসাবাদ করি। তখন ইমনের সহযোগীরা একপর্যায়ে স্বীকার করেন তাদের মধ্যে ইমন আছেন। পরে তাদের ৪ জনকে আটক করে এসপি অফিসে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম জেলা পুলিশকে জানানো হয়।
পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী, জোড়া খুনসহ ১৮ মামলার আসামি ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রামে সাজ্জাদের হয়ে নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন ইমন। গত ১৩ জুলাই চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার কোম্পানির মালিককে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওই কোম্পানির অফিসে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এর আগে গত জানুয়ারিতে সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান চৌধুরীরর বাসায় গুলির ঘটনাতেও ইমনের নাম আসে। এছাড়া গত বছরের ৩০ মার্চ চন্দনপুরা এক্সেস রোডের মুখে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে খুন, ৫ নভেম্বর সরোয়ার হোসেন বাবলা খুনের ঘটনার আলোচিত নাম মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন।
পুলিশ সূত্রে জানা যায়, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মো. মুসার ছেলে। চট্টগ্রামের পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুই প্রধান ব্যক্তির একজন এই ইমন। এর আগে ‘ছোট সাজ্জাদ’ ওরফে সাজ্জাদ হোসেন গ্রুপটির নেতৃত্ব দিতেন। সাজ্জাদ বর্তমানে কারাগারে থাকায় ইমন ও মোহাম্মদ রায়হান আলম গ্রুপটির নেতৃত্ব নিয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।