,

 

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,গুলি

‘১০০ জন পুলিশের সামনেও গুলি করা হবে’

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : 26 July 2026, 06:39

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। আজ রোববার (২৬ জুলাই) সকাল নয়টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বাড়িটিতে হামলার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে একটি সংঘবদ্ধ চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি বলা হয় যে, “১০০ জন পুলিশের সামনেও গুলি করা হবে।” এরই ধারাবাহিকতায় রোববার সকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার নির্মাণাধীন ভবনের সামনে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ভবনে কর্মরত শ্রমিক ও আশপাশের লোকজন প্রাণভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তার নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্বতারা/ইউডি/এএইচ


ভিডিও